ছাত্রলীগের পোস্টার ঘিরে রাবিতে ছাত্রসংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় । প্রাইম টিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিংকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোববার (৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, বাসস্ট্যান্ড, বিজ্ঞান চত্বর ও বিজ্ঞান ভবন এলাকায় বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার দেখা যায়।
পোস্টারগুলোতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষা কার্যক্রম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারিংয়ের ছবি শেয়ার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা এ ঘটনাকে ক্যাম্পাস অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শহীদ জিয়াউর রহমান হল সংসদের ভিপি মোজাম্মেল হক, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী পৃথক প্রতিক্রিয়ায় ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ক্যাম্পাস প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








