সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বা ৯ম পে-স্কেল বাস্তবায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ লক্ষ্যে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ঋণের সুদ পরিশোধের বাড়তি চাপের মধ্যেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং নতুন পে-স্কেলের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করা হবে, যা ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য সব ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

নতুন পে-স্কেলের অন্যতম লক্ষ্য হচ্ছে বেতন বৈষম্য কমানো। বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখেই সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হতে পারে। অন্যদিকে ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও জানা গেছে।

এ ছাড়া ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন পে-স্কেলের আওতায় শুধু কর্মরত চাকরিজীবীরাই নয়, দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে স্বল্প পেনশনপ্রাপ্ত প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হতে পারে।

এদিকে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাইমটিভি/এনজি