আর্জেন্টিনার জার্সিতে আইনি ফি ৫০% ছাড়, শোকজ খেলেন আইনজীবী মিঠুন শাহা

আইনজীবী মিঠুন শাহা । সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে আইনি ফিতে ৫০ শতাংশ ছাড়ের অফার দিয়ে বিপাকে পড়েছেন আইনজীবী মিঠুন শাহা। পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
রোববার (৭ জুন) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারের স্বাক্ষরিত এক আদেশে এই শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে মিঠুন শাহাকে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন তার আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল।
বার কাউন্সিলের নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আইনজীবী মিঠুন শাহা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে চেম্বারে বসে মক্কেলদের আইনি সেবা প্রদান করছেন। পাশাপাশি আর্জেন্টিনার জার্সি পরে আইনি পরামর্শ নিতে এলে ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়ার বিশেষ অফারও ঘোষণা করেন তিনি।
বার কাউন্সিলের মতে, এ ধরনের কার্যক্রম ‘ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট’-এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে উল্লেখ করা হয়, আইনজীবীদের পেশাগত আচরণ হতে হবে মর্যাদাপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ। আইনি সেবার ক্ষেত্রে বাণিজ্যিক প্রচারণা, ডিসকাউন্ট বা বিশেষ অফার পেশার নীতি ও মর্যাদার পরিপন্থী।
নোটিশে আরও বলা হয়, আইনজীবী মিঠুন শাহার কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং বিচারপ্রার্থীদের মধ্যে পেশাটির প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে। এমনকি বার কাউন্সিলের চেয়ারম্যানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি ওই কার্যক্রম অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








