ভূরুঙ্গামারীতে অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার

ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়া । সংগৃহীত
ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোস্তাক মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নগদ অর্থ, মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
রবিবার (৭ জুন) মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রাম এলাকায় কাস্টমস মোড় সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মোস্তাক মিয়া একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, এসআই সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি নির্ভর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোস্তাকের কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোস্তাক মিয়া দীর্ঘদিন ধরে কাস্টমস মোড় এলাকায় নিজস্ব বিকাশ ও নগদ এজেন্টের দোকানের আড়ালে প্রায় ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার টাকা অবৈধভাবে লেনদেন করা হতো বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীর প্রত্যন্ত গ্রামাঞ্চলেও অনলাইন জুয়ার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রলোভনে পড়ে অনেক তরুণ ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তারা। এ অবস্থায় পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








