ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ুদূষণ

ঢাকায় যানবাহনের চাপ কম । সংগৃহীত
ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকায় যানবাহনের চাপ কমে যাওয়ায় এবং নির্মাণকাজ অনেকটা স্থবির থাকায় বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এসেছে। পাশাপাশি সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বাতাসে থাকা ধুলাবালিও হ্রাস পেয়েছে। এতে মেগাসিটি ঢাকার বাতাস বর্তমানে তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে।
সোমবার (৭ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে ৮২ স্কোর নিয়ে তালিকার ১১তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে। তবে সংবেদনশীল গোষ্ঠীর, যেমন শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে বস্তুকণা পিএম ২.৫ ও পিএম ১০, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন। এসব উপাদানের মাত্রা বৃদ্ধিই মূলত বায়ুর মানকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








