ওসমান হাদি হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি । প্রাইম টিভি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি দাবি করেন, মমতা ব্যানার্জির বক্তব্যের প্রকৃত রহস্য উদঘাটন না হলে আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করা প্রয়োজন।
সোমবার (৭ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মাছুমা হাদি বলেন, পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ দ্রুত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা রাখতে পারে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর খুনিরা কীভাবে ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, তা তদন্ত করে বের করতে হবে। একই সঙ্গে কোনো রাষ্ট্রীয় বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি।
মাছুমা হাদি অভিযোগ করেন, চার্জশিট দাখিলের সময় বারবার পরিবর্তন হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং সংশ্লিষ্ট সকলকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে সত্য প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এ মামলার বিচার প্রক্রিয়ায় উদাসীনতা দেখায়, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








