জর্ডানের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে আইআরজিসি। সাম্প্রতিক মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা।
এর আগে তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মুসাভি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে পুরো অঞ্চলকে যুক্তরাষ্ট্রের জন্য ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে।
মজিদ মুসাভি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। জর্ডানের মার্কিন ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি শক্ত জবাব হিসেবে উল্লেখ করেন।
তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা জর্ডান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনও জানা যায়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






