মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ। বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মঞ্চে উঠবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানা।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচের ১৬ বছর পর আবারও বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা হচ্ছে দুই দলের। তবে এবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোর ঘরের মাঠে।

মেক্সিকোর শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি সর্বশেষ ৮ ম্যাচের ৬টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চাপে ফেলতে দক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। শুক্রবার বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।

সবশেষে শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেনক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও তারকাবহুল আয়োজন ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ ও বাড়তি উত্তেজনা।

প্রাইমটিভি/এনজি