দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ হচ্ছে আজ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট । প্রাইম টিভি
দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদের প্রথম বাজেট।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, এবারের বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় শিল্পের বিকাশে কর কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে।
উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে থাকা সাধারণ মানুষের জন্যও কিছু স্বস্তিমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এসব পদক্ষেপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয়ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে সরকার।
আগামী অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা ও প্রকল্প ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে।
চলমান মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়া, নতুন অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেই এই উন্নয়ন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে আলোচনা শেষে তা অনুমোদনের জন্য ভোটে তোলা হবে। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর এখন নতুন বাজেটের বিভিন্ন ঘোষণা এবং তার বাস্তবায়ন কৌশলের দিকে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








