উদ্বোধনের আগেই ফাটল রাবির ১০ তলা হল

রাবির ১০ তলা হলে ফাটল । প্রাইম টিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনির্মিত ১০ তলা আবাসিক হলে উদ্বোধনের আগেই বিভিন্ন দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে। ফাটল মেরামতের পরও কিছু স্থানে আবারও পলেস্তারা খসে পড়ায় ভবনটির নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ আবাসিক হলের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। এর আগে ২০২৪ সালের ৩০ জানুয়ারি হলটির মিলনায়তনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে অন্তত ৯ জন আহত হন।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ তলা আবাসিক হল এবং ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২০ তলাবিশিষ্ট বিজ্ঞান ভবনের কাজ করছে রূপপুর প্রকল্পের ‘বালিশ কাণ্ডে’ আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে না পারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামালবাহী ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
প্রায় ২৪ হাজার বর্গমিটার আয়তনের আবাসিক হলটিতে এক হাজার ১০০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রাখা হয়েছে। চারটি লিফট, মসজিদ, ৩০০ আসনের অডিটোরিয়াম, লাইব্রেরি, জিমনেসিয়াম, ইনডোর গেমস রুম ও রিডিং রুমসহ আধুনিক নানা সুবিধা থাকছে ভবনটিতে।
শিক্ষার্থীদের অভিযোগ, পুরোনো হলের নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের নতুন ভবনে স্থানান্তর করা হলেও উদ্বোধনের আগেই সেখানে ফাটল দেখা দেওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিনহাজুল আলম বলেন, ফাটলগুলো মূলত তাপমাত্রাজনিত কারণে হয়ে থাকতে পারে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২ জানুয়ারি ফলক উন্মোচনের মাধ্যমে ১০ তলা আবাসিক হলটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের আগেই ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় এখন নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়জুড়ে।
প্রাইমটিভি/এনজি

ক্যাম্পাস প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







