খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে

প্রাইম টিভি কোলাজ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে এ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়ানো হবে। ফলে বীরশ্রেষ্ঠদের পরিবারের ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের পরিবারের ভাতা ২৫ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তাদের বর্তমান ২০ হাজার টাকার সম্মানী ভাতা বহাল থাকবে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতা চালু থাকবে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির আহতরা ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতরা ১০ হাজার টাকা করে পাবেন।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সরকার মনে করছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি নিম্নআয়ের মানুষ, মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








