আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার 'নদী-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে

ছবিঃসংগৃহীত
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নোত্তর পর্বে টেবিলে প্রশ্ন উত্থাপন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি জানতে চান, গাইবান্ধা জেলায় খাল খনন কর্মসূচির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কি না।
জবাবে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় মিলে সারা দেশে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন সম্পন্ন করবে। পাশাপাশি আগামী ৫ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত আরও ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করবে বলেও জানান মন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলায় তিনটি খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে বলেও সংসদকে অবহিত করা হয়। পাশাপাশি বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









