দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২টি শিশু।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৫০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯২টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪২টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৩২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১০। এই সময়ে ১ হাজার ৫৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৪৮টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৩৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৮ হাজার ৫৬ রোগী, যাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

প্রাইমটিভি/এনজি