কর প্রদানে উৎসাহ সৃষ্টি এবং করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবা কার্যক্রম পরিচালনায় করদাতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন অর্থনৈতিক খাতের করদাতাদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সেরা করদাতা নির্বাচন করা হবে। নির্বাচিত করদাতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, নতুন নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ ২২ জন করদাতাসহ মোট ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

সরকারের আশা, এ উদ্যোগ কর প্রদানের সংস্কৃতি আরও শক্তিশালী করবে এবং নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে কর প্রদানে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করভিত্তি সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইমটিভি/এনজি