সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে কোস্ট গার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

কোস্ট গার্ড স্টেশনে এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

কোস্ট গার্ডের দাবি, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সুন্দরবনে বনদস্যু দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে বলে মনে করছে বাহিনীটি।

তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, মিরাজ শেখ নামে এক ব্যক্তি প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার খোঁজে মিরাজের মা ও স্ত্রী হারবারিয়া কোস্ট গার্ড স্টেশনে গেলে তাদের সঙ্গে কোস্ট গার্ড সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এনজি