বেসরকারি খাতের কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত অংশগ্রহণকারীরা অবসরের সময় তাদের জমাকৃত মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে সর্বজনীন পেনশন কর্মসূচির পরিধি বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে অবসরের সময় অংশগ্রহণকারীরা তাদের সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে গ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, এই উদ্যোগ বেসরকারি খাতের কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সর্বজনীন পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারের লক্ষ্য হলো কর্মজীবন শেষে বেসরকারি খাতের কর্মীদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যাতে তারা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই অবসর জীবন কাটাতে পারেন।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

প্রাইমটিভি/কেআর