ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

প্রাইম টিভি
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) এবং পিওএম বি কোম্পানির কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই হাসানুজ্জামান জানান, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। একপর্যায়ে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল হৃদয় হোসেনকে আঘাত করে।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে আহত দুই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত রকি ও রাজু নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তথ্যমতে, রকি ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






