কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে দিনব্যাপী টানা কর্মসূচি শেষে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, শনিবার সকালে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তার সফরের মূল কর্মসূচি শুরু করেন সদর উপজেলার পিএমখালী থেকে। সেখানে তিনি তাঁর পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্থানীয়দের উদ্দেশ্যে পথসভায় বক্তব্য দেন।
এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে যান। সেখানে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন ও নিজে চারা রোপণ করেন।
বিকেলের দিকে তিনি চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। জনসভা শেষে কক্সবাজার শহরের একটি হোটেলে স্থানীয় বিশিষ্টজনদের সাথে এক সুধী সমাবেশে মতবিনিময় করেন। সফরের শেষভাগে দিবাগত রাত ১১টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে মেরিন ড্রাইভ সড়কে কিছু সময় কাটান এবং নৈসর্গিক সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকন করেন। এরপর রাত ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








