সরকারি কর্মচারীরা কোন দলের না, দেশের স্বার্থে কাজ করবে: বিমান ও পর্যটন মন্ত্রী

ছবিঃসংগৃহীত
সরকারি কর্মচারীদের কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
রোববার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা খানম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও বিনোদনের জন্য খেলার মাঠ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
সভায় তিনি উল্লেখ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করাই সকলের মূল দায়িত্ব।
সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







