যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর

ছবিঃসংগৃহীত
লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রের বরাতে জানা যায়, তিনি লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিলেন। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই তার যাত্রা শেষ হয়।
সূত্র দাবি করেছে, বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে শনাক্ত করে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধীদের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে তার বিরুদ্ধে থাকা ইন্টারপোলের সতর্কতা সংকেত (রেড নোটিশ) সক্রিয় হয়।

এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে তাকে আটক করে এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় বলে দাবি করা হয়।
তবে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ, দুবাই পুলিশ বা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল–এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
অন্যদিকে, রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলে জানা গেছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, দুর্নীতি ও অর্থপাচারসহ একাধিক মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







