চারটি মামলায় জামিন পাওয়ার পর এবার রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহিমের আইনজীবী মো. রবিউল্লাহ জানান, গুলশান ও মোহাম্মদপুর থানার পৃথক চার মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলায় জামিন পাওয়ার পর নতুন করে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় জামিন আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, রোববার ফাহিমকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)-এর উপপরিদর্শক আমির হামজা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, একটি সন্ত্রাসী চক্র ‘জয় বাংলা ব্রিগেড’ নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অন্তর্বর্তীকালীন সরকারের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন বার্তা আদান-প্রদান করছিল বলে গোয়েন্দা তথ্য পায় পুলিশ।

অভিযোগে বলা হয়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সংলগ্ন এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়। অভিযানে কয়েকজন পালিয়ে গেলেও আটক ব্যক্তিদের মোবাইল ফোনে ‘জয় বাংলা ব্রিগেড’ গ্রুপের বিভিন্ন বার্তা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ১০ ফেব্রুয়ারি রমনা জোনাল টিমের উপপরিদর্শক রেজাউল করিম রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী ফাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানার আরও তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলায় জামিন লাভের পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।

প্রাইমটিভি/কেআর