দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

ছবিঃসংগৃহীত
দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে তীব্র মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিগত দুই দশকের অবহেলার কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষা খাতে অব্যবস্থাপনার কারণে শিক্ষার মানে বড় ধরনের অবনতি ঘটেছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরকে কোথাও কোথাও সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে বিবেচনা করা হয়—যা দেশের শিক্ষাব্যবস্থার দুর্বলতাকে নির্দেশ করে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পূর্বে যেখানে জিডিপির প্রায় ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ শতাংশ বরাদ্দ ছিল, এবার তা বাড়িয়ে প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে এটিকে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষা খাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার উদ্যোগকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন। সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীল ও উন্মুক্ত মানসিকতা গড়ে তোলা।
বিরোধীদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক কারিকুলাম নিয়ে নেতিবাচক প্রচারণা দুঃখজনক। তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা স্বাগত, তবে দেশের শিক্ষা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা উচিত নয়।
তিনি বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করে বলেন, এই বাজেটের মাধ্যমে শিক্ষা খাতকে ভবিষ্যৎ বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







