তথ্য উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

সংগৃহীত
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন। তিনি ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দুই ঘণ্টা বসিয়ে রাখা এবং পরবর্তীতে তার দেশে ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও কেন তথ্য উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হলো, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানবোধ থেকে তিনি দেশে ফিরে আসেন। এ ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ব্যর্থতা ছিল কি না এবং সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা জানতে চান এই সংসদ সদস্য।
একই সঙ্গে জাতীয় মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট এ বিষয়ে সংসদের কার্যপ্রণালি বিধির ৩০০ বিধির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট ও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার দাবি জানান তিনি।
তবে স্পিকার তার বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করেননি। এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় না পড়লেও সদস্য চাইলে পরে এ বিষয়ে একটি নোটিশ দিতে পারেন। সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







