বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

বিবাহ নিবন্ধনে জন্মসনদ বাধ্যতামূলক । প্রাইম টিভি
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা চার আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, বাল্যবিয়ে প্রতিরোধে বিদ্যমান আইনের সংশোধনের কাজ চলছে।
তিনি জানান, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় নতুন এই আইনের খসড়া প্রস্তুত করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে বিদ্যমান আইনের বিশেষ পরিস্থিতি সুযোগ নিয়ে বাল্যবিয়ে দেওয়ার যেসব আইনি ফাঁকফোকর রয়েছে তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হবে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক সনদের পরিবর্তে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা। এর মাধ্যমে জালিয়াতির মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রশ্নের ব্যাখ্যায় সংসদ সদস্য আবুল হাসনাত উল্লেখ করেন, ইউনিসেফের গ্লোবাল চাইল্ড ম্যারেজ ইনডেক্স ২০২৬ অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে এখনো বাল্যবিয়ের হার তুলনামূলকভাবে বেশি। তিনি বলেন, আইনি ফাঁকফোকর এবং জন্মনিবন্ধন জালিয়াতির সুযোগ নিয়ে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। তাই বাল্যবিয়ে সম্পূর্ণভাবে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







