নাফনদী থেকে সাত বাংলাদেশি জেলেকে বোটসহ আটক করেছে আরাকান আর্মি

সাত বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি । সংগৃহীত
টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে। বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কোস্ট গার্ডের মাধ্যমে খবর পেয়ে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, সাতজন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ২ বিজিবির অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার কাছে, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, শাহপরীর দ্বীপ দক্ষিণ পূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যান তারা। মাছ শিকার শেষে ফেরার পথে অনিচ্ছাকৃতভাবে তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
আটক জেলেরা হলেন ফয়সাল, জলিল, আজম, হেলাল, লালয়া, সৈয়দ আলম ও আরেকজন ফয়সাল। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
জানা গেছে, আটক হওয়া দুটি বোটের মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মোহাম্মদ রাজ্জাক।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেরা প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হয়রানি ও আটকের শিকার হন। তারা আটক জেলেদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







