চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০

ছবি- সংগৃহীত চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর এলাকার একটি চরের মালিকানা ও দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার বাসিন্দাদের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার টেঁটা-বল্লম নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ বাটেয়ারা মৌজার জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে কোন্দল চলছিল। আলীপুর গ্রামের বাসিন্দাদের দাবি, ১৯৮৯-৯০ সালে তারা জেলা প্রশাসনের কাছ থেকে ওই মৌজার ১৪.৭৫ একর জমি ইজারা নেন। বিপরীতে, তিতাসের নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের দাবি, ১৯৯৯-২০০০ সালে তারা একই এলাকার ১০.১৪ একর জমি ইজারা পেয়েছিলেন। এই ইজারা সংক্রান্ত জটিলতা থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তিতাস থানার সাথে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানিয়েছেন, জমির কাগজপত্র ও রেকর্ড যাচাই-বাছাই করে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







