জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান প্রদর্শনের রীতির বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে আপত্তি জানান।

সংসদে প্রবেশের সময় স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করে অভিবাদন জানানোর রীতি নিয়ে তিনি বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের বিধান ছিল, তবে পরবর্তীতে সংশোধন আনা হয়েছে।

তিনি দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি “শিরকের পর্যায়ে চলে যায়” বলে তিনি মন্তব্য করেন। এ কারণে এ রীতি বাতিল করা উচিত বলেও তিনি সংসদে উল্লেখ করেন।

জামায়াত এমপি মুজিবুর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, সংসদে প্রবেশের সময় সালাম বিনিময়ের রীতি চালু থাকলেও এখনো অনেক সদস্য আগের মতো মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানান, যা তিনি পরিবর্তনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “কার্যপ্রণালি বিধিতে যে পরিবর্তন আনা হয়েছে তা সবার অনুসরণ করা উচিত, যাতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো আপত্তি না থাকে।”

এ সময় তিনি বিষয়টি অনুসরণ করলে “আখিরাতে উপকার হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে” বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি তিনি কার্যপ্রণালি বিধি দেখে যাচাই করবেন। তবে সংসদীয় অভিবাদন রীতি ব্যক্তিগত আচরণের অংশ বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন সংসদেই এ ধরনের অভিবাদন রীতি রয়েছে।

স্পিকার জানান, আগের সংসদে এ বিষয়ে কোনো সংশোধন বা পরিবর্তন আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

প্রাইমটিভি/কেআর