জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ধারা ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, সরকারের ইচ্ছানুযায়ী মেয়াদকালের যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে। একইভাবে চেয়ারম্যানও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ নিয়োগ সম্পূর্ণ অবৈতনিক।

আফরোজা আব্বাস দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং নারী অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

প্রাইমটিভি/কেআর