সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের প্রথম সেতুর নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর হতে পারে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিয়মিত আইনি কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এনজি