কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস উল্টে আহত ১০

কুমিল্লায় মহাসড়কে দুর্ঘটনা । প্রাইম টিভি
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।
বাসটির এক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সেটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






