জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম।

মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি বিলের ওপর আলোচনার সময় তিনি দাবি করেন, তার পরিবারের ৪৭ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বক্তব্যে তিনি আরও বলেন, তার বাবা ও দাদা শহীদ হয়েছেন এবং তার পরিবারের একাধিক সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন।

তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী হলফনামা ও বিভিন্ন উন্মুক্ত তথ্যসূত্র নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে উল্লেখিত তথ্য অনুযায়ী, হাফেজ আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সংসদে দেওয়া বক্তব্যেও তিনি নিজের জন্মসাল ১৯৮১ বলে উল্লেখ করেন।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, যদি তার বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে যুদ্ধের এক দশক পর ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব হলো।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকে বক্তব্যটির সঙ্গে জন্মসালের তথ্যের অসঙ্গতি তুলে ধরে ব্যাখ্যা দাবি করছেন।

এদিকে, সংসদে দেওয়া বক্তব্য ও জন্মতারিখ সংক্রান্ত এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত হাফেজ আব্দুল মুনতাকিম কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

প্রাইমটিভি/এনজি