জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতের কারণে দুই শিশু তলিয়ে যেতে থাকে। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করেন, তবে পানির স্রোতে তারা নিখোঁজ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুদের সন্ধানে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ