ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

ছবিঃসংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪।
বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকার একটি মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল ওই মাদরাসায় অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে সেখানে মাদক মজুত থাকার তথ্য পাওয়া গেলেও তল্লাশির সময় অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশের নির্মাণাধীন একটি ওয়াশরুমে সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং ২২ বোরের দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া আট চেম্বারবিশিষ্ট রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ সব অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা আছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।
র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলোর প্রকৃত মালিক কে, কীভাবে এবং কারা মাদরাসা প্রাঙ্গণে এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







