ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

ছবি- সংগৃহীত ত্রাণমন্ত্রী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফুলের মতো নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করে তারা মানুষ নয়, তারা নরপিশাচ-জানোয়ার। ইতিমধ্যে প্রশাসন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে নির্মমভাবে নিহত সাত বছরের শিশু নন্দিনী রাণীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় মন্ত্রী এসব কথা বলেন।

আসামি গ্রেপ্তারের পর স্থানীয় কিছু পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, আসামিদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়ার সময় প্রশাসনের গাড়ি যারা আক্রমণ করল, তারা মূলত আসামিকে ছিনতাই করতে চেয়েছিল। আইনের মাধ্যমে তাদেরও বিচার করা হবে। আসাদুল হাবিব দুলু আরও জানান, নন্দিনী রাণী হত্যা মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনা হবে, তবে এতে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দিয়ে ত্রাণ মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিভিন্ন ধরনের ‘মব’ সৃষ্টি করে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় চলমান সংসদ অধিবেশনে না গিয়ে তারা লালমনিরহাটে এসেছেন। এ সময় তার সঙ্গে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে নিহত নন্দিনীর পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






