রাঙামাটির রাজস্থলী উপজেলায় মদ ভেবে কীটনাশক পান করে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদংপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ জানান, বুধবার (১৭ জুন) রাতে নিজ বাড়িতে রাখা কৃষিজমিতে ব্যবহারের কীটনাশক ভুলবশত মদ মনে করে পান করেন রিংকন। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে মুখ থেকে তা ফেলে দিলেও এর কিছু অংশ তার পেটে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় রীতি মেনে দাহ সম্পন্ন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাইমটিভি/এমএইচ