স্বাধীনতার পর থেকে প্রায় ৫৪ বছর ধরে দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় একক কর্তৃত্ব ধরে রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এবার সেই দীর্ঘদিনের আধিপত্যে পরিবর্তন আসতে যাচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিদেশি অপারেটরকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে সেবা পরিচালনা করবে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

বিমানবন্দরে যাত্রীসেবা, লাগেজ কার্গো ব্যবস্থাপনা, উড়োজাহাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ক্যাটারিংসহ বিভিন্ন কার্যক্রমের সমন্বিত ব্যবস্থাকেই গ্রাউন্ড হ্যান্ডলিং বলা হয়। বর্তমানে এটি বিমানের অন্যতম লাভজনক খাত। ২০২৪-২৫ অর্থবছরে খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে হাজার ৫৩৪ কোটি ৬৩ লাখ টাকা। আগের অর্থবছরে এই আয় ছিল হাজার ২২৯ কোটি ৬৫ লাখ টাকা।

তবে দীর্ঘদিনের একক নিয়ন্ত্রণের কারণে সেবার মান নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়া, মালামাল চুরির অভিযোগ, যাত্রী হয়রানি এবং প্রয়োজনীয় জনবল সংকট নিয়ে অসন্তোষ রয়েছে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে দুই ভাগে পরিচালনা করা হবে। কার্গো ব্যবস্থাপনা থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনে। অন্যদিকে যাত্রীসেবা পরিচালিত হবে বিমানের সঙ্গে যৌথভাবে বিদেশি অপারেটরের মাধ্যমে।

বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সেবার মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক অভিজ্ঞ প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠান শুধু সেবা পরিচালনাই করবে না, স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রীর মতে, সিদ্ধান্তে বিমানের আয় কিছুটা কমতে পারে। তবে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এদিকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় অংশ নিতে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে মেনজিস এভিয়েশন। এছাড়া চেলেবিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক কোম্পানিও আগ্রহ প্রকাশ করেছে।

দীর্ঘদিনের একক নিয়ন্ত্রণের অবসানের পর বিদেশি অপারেটরের সঙ্গে প্রতিযোগিতামূলক পরিবেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীসেবায় কতটা দক্ষতা সক্ষমতা দেখাতে পারে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

প্রাইমটিভি/এনজি