সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় নো ম্যান্স ল্যান্ডে অবস্থান

ছবি- সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছেন।
শনিবার (২০ জুন) সকালে বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন।
বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নেয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন বলে জানা গেছে।
তবে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের পরিচয় এবং তারা কোন এলাকার বাসিন্দা—এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনার বিষয়ে বিএসএফের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







