বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছিল এবং দলটি কখনোই একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বর্তমানে নির্বাসিত অবস্থায় রয়েছেন।”

তিনি আরও বলেন, বিএনপি কোনোভাবেই একদলীয় শাসনব্যবস্থা সমর্থন করে না।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। দুই দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করে বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।”

এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক ভাতা এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল জানান, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর–মোল্লারচর কাঠের পুলের স্থলে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

পরে তিনি স্থানীয় সামাজিক কবরস্থানে গিয়ে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

প্রাইমটিভি/কেআর