ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ছবিঃসংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে এসব দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, কারওয়ান বাজার এলাকায় কারিগরি সমস্যার কারণে এআই ক্যামেরার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে প্রয়োজনীয় মেরামত শেষে ক্যামেরাগুলো এখন সম্পূর্ণ সচল রয়েছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইঁদুরে সংযোগের তার কেটে ফেলায় রাজধানীর দুটি ট্রাফিক সিগন্যালের এআই ক্যামেরা একদিনের জন্য বন্ধ ছিল। পরে দ্রুত তা মেরামত করে পুনরায় চালু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারওয়ান বাজারের পাশাপাশি বাংলামোটরের এআই ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এতে অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ চ্যানেল ২৪-কে জানান, কারওয়ান বাজার এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িক সমস্যা দেখা দেয়। এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা প্রকল্প স্থগিতের ফল নয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় কারিগরি ত্রুটি দূর করার পর বর্তমানে ওই এলাকায় তিনটি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
শারমিন আফরোজ বলেন, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ১১০টি এআই ক্যামেরা চালু রয়েছে। পাশাপাশি আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলমান এবং পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার পরিধি ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রাইমটিভি/ এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






