‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি- সংগৃহীত
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পুনর্বিবেচনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় শুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।
এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন গেজেট প্রকাশের পর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সমালোচকদের অভিযোগ ছিল, ইউনিয়ন দুটির নামকরণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পারিবারিক পরিচয় এবং তার দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্য রেখে করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট সংসদ সদস্য শাহে আলম জাতীয় সংসদে বলেন, “নামগুলো অলৌকিকভাবে আমার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।”
নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের ফলে বিতর্কের অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






