রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাইল্লা পলাশের বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায়। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি ছিলেন। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে নিজ বাসার নিচে অবস্থানকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগে থেকে ওঁত পেতে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির একটি তার মাথায় আঘাত করে এবং গুরুতর জখম হয় তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাচেষ্টার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/কেআর