ইয়াবা পাচারের সময় তাঁতীদল নেতা গ্রেপ্তার

ছবিঃসংগৃহীত
ফেনী শহরের দাউদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫০টি ইয়াবা বড়িসহ জেলা তাঁতীদলের এক নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) এবং মো. আবুল হোসেন (৪৬)। শুক্রবার (১৯ জুন) রাতে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে ডিএনসি। পরদিন দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিএনসি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে একটি দল ফেনী শহরের দাউদপুল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে আরোহী মো. মামুনের কাছ থেকে ৪৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা সহযোগী আবুল হোসেনকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. মামুন জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের বাসিন্দা। অন্যদিকে আবুল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ডিএনসি ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, মামলার পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ছরওয়ার জাহান বলেন, অভিযোগ প্রমাণিত হলে মো. মামুনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







