বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৬, শীর্ষে জাকার্তা

ছবি- সংগৃহীত
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশের রাজধানী ঢাকাও। তবে শনিবার (২০ জুন) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১৬তম।
বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ৮৬। এই মানকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান সূচক ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার এএকিউআই স্কোর ১৬১। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬০। চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনসাসা, যার বায়ুমান সূচক ১৫৬। এছাড়া ১১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।
আইকিউএয়ারের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে থাকে।
এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ মানুষের শ্বাসতন্ত্র, হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





