ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ছবি- সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা ও আবেগের কমতি থাকে না। প্রিয় দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে নানা ধরনের চ্যালেঞ্জ ও ব্যতিক্রমী কর্মকাণ্ডও প্রায়ই দেখা যায়। এবার তেমনই এক ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনার এক সমর্থক। তার নাম ফয়সাল আহমেদ জুম্মান (২৩)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফয়সাল ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি পরেই বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন তিনি।
ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষের ভিড় জমে। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফয়সাল বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।”
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







