জাতীয় চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’

‘ডোনাল্ড ট্রাম্প’এর ছবি তুলছেন ভক্তরা। সংগৃহীত
ঈদুল আজহার কোরবানির হাট কাঁপানো বহুল আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার গবেষণার জন্য নেওয়া হয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)।
রোববার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে। এখন থেকে মহিষটি বিএলআরআইয়ের স্থায়ী তত্ত্বাবধানেই থাকবে। বর্তমানে সেটিকে ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আলোচিত এই মহিষটির দেখভাল এবং গবেষণার জন্য বিএলআরআই কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব।
গোলাপি আভার বিরল এই অ্যালবিনো ষাঁড় মহিষটিকে লালন-পালন করেছিলেন নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। গত ঈদুল আজহায় কোরবানির হাটে বিক্রির জন্য আনার পর মার্কিন সাবেক প্রেসিডেন্টের নামানুসারে এর নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যতিক্রমী রঙ আর নামের কারণে মহিষটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া জাগায়।
ঈদের কয়েক দিন আগে পুরান ঢাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনে নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা তৈরি হওয়ায়, শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় ঈদের আগের দিন মহিষটিকে সরকারের জিম্মায় নেওয়া হয়। এরপর সেটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছিল, যেখান থেকে এবার গবেষণার উদ্দেশ্যে সেটিকে বিএলআরআই-এ স্থানান্তর করা হলো।

প্রাইম রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






