পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটেছে এক নাটকীয় মোড়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে দলের শীর্ষ নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ( ২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে দলের সাংগঠনিক সংকট নিয়ে আলোচনা হয়। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই জরুরি বৈঠক ডাকা হয়।

বৈঠকে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দলের নতুন নেতৃত্ব কাঠামোও ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে।

এছাড়া দলের অতীতের আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ নিরীক্ষক বা অডিটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই বড় পরিবর্তন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/এনজি