জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণার শামিল: ডা. শফিকুর রহমান

ছবি- সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর জুলুমের শামিল এবং এটি জনগণের সঙ্গে প্রতারণা।
মঙ্গলবার দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
তিনি বলেন, সরকারের যেকোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের মতামত ও সংসদীয় আলোচনার ভিত্তিতে হওয়া উচিত। হঠাৎ করে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।
ফাহিমা হত্যা মামলার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এই মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেবো এই বিচার আর হবে না। সরকারকে নিশ্চিত করতে হবে, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও দ্রুত সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।”
এ সময় স্থানীয় নেতাকর্মী, নিহত ফাহিমার পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








