লুটপাট না ঠেকিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে

ছবি- সংগৃহীত
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ খাতে সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের নামে অর্থ অপচয় ও দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম হঠাৎ বৃদ্ধি করে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার শর্ত পূরণের জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের জনগণের স্বার্থের পরিপন্থী।
তিনি বলেন, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা না করে হঠাৎ করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
জামায়াত সেক্রেটারি জেনারেল সরকারকে হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মূল্য প্রত্যাহার করতে হবে এবং জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংসদে গঠনমূলক ভূমিকা পালনের পক্ষে থাকলেও জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








