বিএনপি আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের মতোই এই সরকারেরও একই পরিণতি হতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে দলীয় কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়ার পরিকল্পনা করছে। তারা এখন আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়েছে এবং তাদের সুযোগ দিচ্ছে, যাতে তারা রাজনীতিতে অবাধভাবে অংশ নিতে পারে।’
তিনি আরও বলেন, সংসদে ২০০ আসন পাওয়ায় সরকার কোনো বিষয়কেই গুরুত্ব দিচ্ছে না এবং সবকিছু নিজেদের মতো করে পরিচালনা করছে। তার মতে, আওয়ামী লীগ যেভাবে চলত, সরকারও এখন একইভাবে এগোচ্ছে।
একই সেমিনারে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। এই প্রতারণা করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়।’
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে যে পথে পরিচালিত করেছে, বিএনপি একই রাস্তায় চলছে। এই রাস্তায় চলতে থাকলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সেটা কোন প্রক্রিয়ায় হবে, সেটাই এখন দেখার ব্যাপার।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








