জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রশাসন পরিচালনা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন—উভয় ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপির পারফরম্যান্স কখনোই সন্তোষজনক ছিল না। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরও অল্প সময়ের মধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে।

তিনি বলেন, “বিদ্যুতের দাম বাড়ার অর্থ হলো উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়া, যার ফলে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।”

দ্রব্যমূল্য ও জ্বালানি খাতের প্রসঙ্গ তুলে এনসিপির মুখপাত্র দাবি করেন, সাধারণ মানুষের আয় না বাড়লেও গ্যাস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি এবং তথাকথিত ‘মব কালচার’-এর মতো ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে। নির্বাচিত সরকার গঠনের পর এসব সমস্যার সমাধান হবে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় মব সংস্কৃতি বন্ধের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এ ধরনের ঘটনা কমার পরিবর্তে বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশিরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে আসা শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

প্রাইমটিভি/কেআর